মোড়ে মোড়ে ওতপেতে থাকতো তারা, অস্ত্রের মুখে ছিনিয়ে নিতো সবকিছু

কুমিল্লা নগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি জানান গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নগরীর মোড়ে মোড়ে ওতপেতে থাকার কথা স্বীকার করেছে তারা। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলসহ সবকিছু ছিনিয়ে নিতো। ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা খানপাড়া এলাকার মো. কামাল খানের ছেলে মো. রাকিব খান, আব্দুর রহমানের ছেলে মো. ইমন, শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব, সংগ্রাইশ এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ, শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ, বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি, গোবিন্দপুর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন, অশোকতলা এলাকার মো. আলী ইসলামের ছেলে মো. জাহিদ, মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল ও পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।