ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি বৌদ্ধবিহারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

বৌদ্ধবিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত জানিয়েছেন, ধর্মীয় কার্যাদি করার জন্য ভোররাত ৪টার দিকে তিনি তার কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তার কক্ষে ঢুকে পড়েন। তাকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে। এরপর তার কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেন অস্ত্রধারীরা। পরে আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়।

ভিক্ষু জ্ঞান রক্ষিত বলেন, ‌‘ডাকাতেরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম বলেন, ‘বৌদ্ধবিহারে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিহার কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’