কুষ্টিয়ার মিরপুরে সড়কের ওপর গাছের ডাল ফেলে যানবাহনের পথ আটকে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারীকে লক্ষ্য করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও নগদ টাকা ও স্মার্টফোন লুটের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন নির্জন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওপর গাছের ডাল ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে ৫ থেকে ৬ জনের একটি দল। মুখোশ পরা ওই ব্যক্তিদের হাতে দেশীয় অস্ত্র ছিল। এ সময় ওই পথ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এক যুবক দুর্বৃত্তদের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে সেখান থেকে সরে যান। পরে কাছের একটি মোড়ে থাকা লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন।
এরই মধ্যে পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারী দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ রয়েছে, অস্ত্রের ভয় দেখিয়ে তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। এরপর ওই সড়ক দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন ও নগদ টাকা নিয়ে নেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশও সেখানে যায়। তবে ঘটনার শিকার ব্যক্তিরা স্থানীয় এলাকার বাসিন্দা না হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান এবং পরে পুলিশ পৌঁছায়। তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির নির্জনতার সুযোগ নিয়ে এর আগেও ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।