ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশ

দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই দিন ধরে তাকে পুলিশ ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বিভাগে নানা আলোচনা তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরীক্ষার জন্য তাকে খোঁজা হলে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে তার বাসায় গিয়েও সন্ধান মেলেনি।

ফাঁড়ির ইনচার্জ বলেন, ‌‘পুলিশ সুপারের নির্দেশে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, তাৎক্ষণিকভাবে এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারেননি থানা ও ফাঁড়ির ইনচার্জ।

তবে এখন পর্যন্ত কোনও পরীক্ষার মাধ্যমে এসআই মামুন উর রশিদ মাদক গ্রহণ করেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে ডোপ টেস্টের উদ্যোগ নেওয়ার পর তিনি কেন ফাঁড়ি বা বাসায় নেই, সেটিও এখনও স্পষ্ট নয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন ধরে এসআই মামুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, এসআই মামুনের অবস্থান শনাক্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।