আরেকটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

গত রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সংসদীয় আসন-৩০৪, মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তার আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে ফেনীতে সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।

সম্ভাব্যতা যাচাই শেষে ডিও পত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য সচিব, সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংসদ সদস্য রেহানা আক্তার রানু, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।