লক্ষ্মীপুরের রায়পুরে এক সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য (মেম্বার) প্রার্থীর বিরুদ্ধে। পরে স্থানীয়দের সালিশে ওই প্রার্থী ভুক্তভোগীর কাছে ক্ষমা চান এবং তাকে জুতাপেটা করে সতর্ক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ঢালী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিপন ঢালী (৪৮) উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ঢালী বাড়ির বাসিন্দা। তিনি অটোরিকশাচালক এবং আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ‘ওই সমাজকর্মী (৪০) দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বুধবার দুপুরে পাশের বাড়ির এক নারীকে চিকিৎসা দিয়ে শিপন ঢালীর অটোরিকশায় করে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছে অটোরিকশাচালককে বাইরে অপেক্ষা করতে বলে ওষুধ নেওয়ার জন্য ঘরে ঢোকেন। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিপন ঢালী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। একপর্যায়ে তার ছেলে বাড়িতে চলে এলে শিপন ঢালী সেখান থেকে পালিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমরা গ্রামের নিরীহ মানুষ। আমার স্ত্রী গ্রামের অসহায় নারীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিপন ঢালী গ্রামের রাস্তায় যাওয়া-আসার পথে বিভিন্ন মেয়ে ও নারীকে কু-প্রস্তাব দেন। বুধবার দুপুরে আমার স্ত্রী শিপন ঢালীর অটোরিকশায় করে বাড়িতে যায়। শিপন ঢালীর জন্য ওষুধ আনতে ঘরে গেলে এ সুযোগে আমার স্ত্রীকে নির্যাতনের চেষ্টা করে। আমি ঘটনার সঠিক বিচার চাই।’
স্থানীয়দের অভিযোগ, ভুক্তভোগী নারী নিরীহ প্রকৃতির হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয়দের উদ্যোগে শিপন ঢালীকে ধরে এনে বাড়িতে সালিশ বৈঠক বসানো হয়। সালিশে শিপন ঢালী তার ভুল স্বীকার করে ভুক্তভোগীর পা ধরে ক্ষমা চান। পরে তাকে জুতাপেটা করে সতর্ক করা হয়। তবে সালিশে ঠিক কী সিদ্ধান্ত হয়েছে এবং জুতাপেটার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর বকসি বলেন, ‘আমি অন্য দলের মেম্বার। শিপন ঢালীর বিরুদ্ধে একাধিক নারীঘটিত অভিযোগ আছে। তার বিচার তার দলের নেতাদের মাধ্যমে করান। শুনেছি, বুধবার সন্ধ্যায় সালিশ বৈঠকে তার ভুলের জন্য গ্রামবাসীসহ মেয়েটির কাছে ক্ষমা চেয়েছে। কখনও যাতে এমন কাজ না করে, সে জন্য জুতাপেটাসহ সতর্ক করা হয়েছে।’ তবে অভিযুক্ত শিপন ঢালীর বক্তব্য পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ ঘটনা জানা নেই। মেয়েটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’