একটি আইফোন ছিনিয়ে নিতেই ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে—শুরুতে এমনটাই ধারণা করেছিল পুলিশ। কিন্তু তদন্ত যত এগিয়েছে, সামনে এসেছে পাঁচ হাজার টাকা পাওনা নিয়ে ক্ষোভ, বয়সে বড়দের সঙ্গে অপ্রতিমের ‘অসম বন্ধুত্ব’ এবং টিকটক ভিডিও তৈরির প্রলোভনের মতো নানা তথ্য।
তদন্তে যুক্ত একাধিক কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তাদের ভাষ্য, অপ্রতিমের কাছে থাকা আইফোন ১৭ প্রো-ম্যাক্সটি কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এর পাশাপাশি গ্রেফতার ব্যক্তিদের আলাদা স্বার্থ ও ক্ষোভও হত্যাকাণ্ডের পেছনে কাজ করে থাকতে পারে।
রবিবার এ ঘটনা নিয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়, মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নেওয়া হয়। ফোন নিতে বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের করা হত্যা মামলায় সাইফুল ইসলাম তুহিনসহ তিন জনকে গ্রেফতারের কথা জানিয়েছে জেলা পুলিশ। তুহিন ছাড়া অন্য দুজন কিশোর। তাদের বাইরে আরও এক তরুণের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
টিকটক ভিডিওর কথা বলে বাসা থেকে বের করা হয়
ঘটনার দিন শুক্রবার অপ্রতিমকে বাসা থেকে বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোবাইলে খুদে বার্তার। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেদিন অপ্রতিমের ফোনে বারবার বার্তা পাঠাচ্ছিল তুহিন। তাকে বাসা থেকে বের হতে বলেছিল। একপর্যায়ে বলা হয়, অপ্রতিমের কাছে থাকা দামি আইফোনটি দিয়ে তারা টিকটকের জন্য ভিডিও বানাবে এবং ছবি তুলবে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, তুহিনের এমন কথায় অপ্রতিম শেষ পর্যন্ত রাজি হয়। শুক্রবার বেলা আড়াইটার দিকে আইফোন নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। পরিবারও আগে জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের ফোনটি নিয়ে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি।
পুলিশের ভাষ্য, শুক্রবার বিকাল ৩টা থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তুহিনের সঙ্গে অপ্রতিমের দেখা হয়। এরপর বিভিন্ন এলাকার অন্তত চারটি সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, অপ্রতিম ও তুহিন পাশাপাশি হাঁটছে, কথা বলছে। তাদের আচরণ ছিল স্বাভাবিক। একটি ফুটেজে তাদের পেছনে আরও দুজনকে যেতে দেখা গেছে। অন্য একটি ফুটেজে চার জনকেই একসঙ্গে দেখা যায়।
অপ্রতিমকে হত্যা করা হয় লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মূল সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে কাঁচা রাস্তা দিয়ে সেখানে যেতে হয়। পুলিশ সূত্র জানিয়েছে, একটি সিসিটিভি ফুটেজে অপ্রতিম ও তুহিনকে হেঁটে পাহাড়ের দিকে যেতে দেখা গেছে। তদন্তকারীদের ভাষ্য, পরে সেখানে তাদের সঙ্গে যুক্ত হয় আরও দুই কিশোর।
ফোন কেড়ে নেওয়ার চেষ্টা, এরপর হত্যা
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শুক্রবার বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে অপ্রতিমের কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। সে বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। তুহিন প্রথমে বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে অন্যরাও তাকে আঘাত করে। অপ্রতিমের মৃত্যু হলে তার ফোনটি নিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানিয়েছে পুলিশ।
সিয়াম নামের আরেক তরুণ ঘটনাস্থলে ছিল না—তদন্তে পাওয়া তথ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ঘটনার সময় তিনি আশপাশে থেকে পাহারা দেওয়ার মতো কোনও ভূমিকা পালন করেছিল কিনা, তা যাচাই করছে পুলিশ।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানতে পেরেছে, এলাকাটি বেশ নির্জন। এ কারণে বাইরে থেকে সহজে সেখানে কী ঘটছে, তা বোঝার সুযোগ কম।
অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি আরও কিছু ক্ষত পাওয়া যায়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এর কিছু ক্ষত মৃত্যুর পর তৈরি হয়ে থাকতে পারে। রাতে শিয়াল মরদেহ নিয়ে টানাটানি করেছিল। এ বিষয়ে ময়নাতদন্ত ও ফরেনসিক তথ্যও পর্যালোচনা করছে পুলিশ।
পাঁচ হাজার টাকা নিয়েও বিরোধ
তদন্তে আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা নিয়ে আরেকটি বিরোধের তথ্যও পেয়েছে পুলিশ। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইলের যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ইয়েসটেকে কাজ করতো গ্রেফতার হওয়া এক কিশোর। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই কিশোরকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল অপ্রতিম। সম্প্রতি সে টাকা ফেরত চাইছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ নিয়ে অপ্রতিমের ওপর বিরক্ত ছিল ওই কিশোর। অপ্রতিম বেঁচে না থাকলে টাকা ফেরত দিতে হবে না—এমন চিন্তাও তার মধ্যে ছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
জিজ্ঞাসাবাদে তুহিন, একে একে অন্যদের নাম
তদন্তের একটি গুরুত্বপূর্ণ বাঁক আসে তুহিনকে জিজ্ঞাসাবাদের সময়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দেওয়া সময়রেখা অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে তুহিনকে হেফাজতে নেওয়া হয়। তখনও জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তারা জানতেন না যে অপ্রতিম মারা গেছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে অপ্রতিমের মরদেহ পাওয়ার খবর তাদের কাছে পৌঁছায়।
তদন্তকারীরা বলছেন, শুরুতে তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শনিবার রাত ৮টার দিকে ঘটনায় নিজে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তখনও অন্যদের নাম বলতে চাইছিল না তুহিন। অন্যদের নাম প্রকাশ না করতে সে ‘ওয়াদাবদ্ধ’ ছিল বলেও জানিয়েছে।
কিন্তু তুহিনকে জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে বারবার ফোন আসছিল। ফোন করছিল অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা ওই কিশোর। বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের ভাষ্য, আটকের সময়ও তার গায়ে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানের নাম লেখা টি-শার্ট ছিল। ওই কিশোরকে আটকের খবর পাওয়ার পর তুহিন আরেক কিশোরের নাম জানায়। এরপর তাকেও হেফাজতে নেয় পুলিশ।
ঘটনার আগে থেকেই নিজেদের অবস্থান আড়াল করার চেষ্টা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা ১৫ বছর বয়সী ওই কিশোর মুঠোফোন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতো। ঘটনার দিন নিজের মুঠোফোন সঙ্গে নেয়নি সে। পরিবর্তে পরিবারের অন্য একজনের ফোন নিয়ে বের হয়েছিল। তদন্তকারীদের ধারণা, পরে মুঠোফোনের অবস্থান যাচাই করা হলে যাতে ঘটনাস্থলে তার উপস্থিতি ধরা না পড়ে, সে জন্যই এমনটি করা হয়ে থাকতে পারে। তবে এর পক্ষে প্রযুক্তিগত ও অন্যান্য আলামত আরও পরীক্ষা করা হচ্ছে।
ওই কিশোরের বাবাকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। তার অনুপস্থিতির সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত পুলিশ কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি।
তুহিনের বাড়িতে মিললো আইফোন
হত্যার পর অপ্রতিমের আইফোনটি নিয়ে তুহিন চলে যায়—এমনটাই বলছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র ও তুহিনের পরিবারের সদস্যদের ভাষ্য, ফোনটি পরে তার বাড়িতে লুকিয়ে রাখা হয়।
শনিবার রাত ৮টার দিকে পুলিশ সদর দক্ষিণ মডেল থানার সানন্দার বাড়িতে গেলে তুহিনের মা শিরিনা আক্তার বিছানার তোশকের নিচ থেকে ফোনটি বের করে দেন। তুহিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিল। তখন তার ছোট ভাইকে ফোনটি সাবধানে লুকিয়ে রাখতে বলেছিল।
অসম বন্ধুত্ব কীভাবে
অপ্রতিম ছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ তাকে শান্ত, মিশুক ও পড়াশোনায় ভালো শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেছে। স্কুলে কোনও ঝামেলায় তাকে জড়াতে দেখা যায়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান।
অন্যদিকে স্থানীয় কয়েকজনের ভাষ্য, তুহিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বয়সে কম কয়েকজনকে নিয়ে চলাফেরা করতো এবং একটি দল তৈরি করেছিল। একসময় অপ্রতিমকেও সেই দলে ভেড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন।
তবে রবিবার সংবাদ সম্মেলনে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনও পুলিশ রেকর্ড নেই বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে অপ্রতিমের সম্পর্ক, ওঠাবসা ও বন্ধুত্ব ছিল। তাদের বয়স নিহত শিশুটির চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি।’
পুলিশের কাছে অবশ্য অপ্রতিম ও ওই ব্যক্তিদের একসঙ্গে চলাফেরা, ছবি তোলা এবং টিকটক ভিডিও তৈরির তথ্য রয়েছে। এই বয়স ও সামাজিক অবস্থানের ব্যবধানের সম্পর্ককেই তদন্তকারীরা ‘অসম বন্ধুত্ব’ হিসেবে দেখছেন।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, সপ্তম শ্রেণিতে পড়া অপ্রতিমের সঙ্গে যাদের ওঠাবসা ছিল, তারা তার সহপাঠী নন; বয়সেও বড়। তদন্তে তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও এবং টিকটকের জন্য তৈরি বিভিন্ন ভিডিওর তথ্যও পাওয়া গেছে।
যা বললেন গৃহশিক্ষক ও স্বজনরা
অপ্রতিমের গৃহশিক্ষক মো. আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপ্রতিম সপ্তম শ্রেণিতে পড়াশোনা করলেও সে অনেক ম্যাচিউরড ছিল। তাছাড়া দীর্ঘদিন কোটবাড়ি এলাকায় থাকায় এবং তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাকে সবাই সহজে রিসিভ করতো। সেও বড় ও ছোট—দুই বয়সের মানুষের সঙ্গেই মিশতো। বরং সিনিয়রদের সঙ্গে তার মেলামেশা বেশি ছিল।’
তুহিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তুহিনের সঙ্গে সম্পর্ক কত দিনের, সেটি আমি জানি না। তবে আমি যতটুকু জেনেছি, তুহিন মোটরসাইকেল দিয়ে অপ্রতিমকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতো। ছেলে মানুষ ছিল, তাই বিষয়টি খুব ভালোভাবে রিসিভ করেছে হয়তো। এভাবেই তাদের সম্পর্ক বেশি গভীর হয়ে গেছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছিলাম, তাকে অনেকে কল দিতো বাইরে ঘুরতে যেতে। বেশ কিছুদিন ধরে সে তাদের বিভিন্ন অজুহাতে নিষেধ করে দিতো। আমিও খুব ভালোভাবে বিষয়টি নিয়েছি। তাকে বুঝাতাম, যার-তার সঙ্গে মেশা যাবে না। সে মাথা নেড়ে সাঁই দিতো।’
অপ্রতিমের মামা কাজী মাহবুবুর রহমান জানান, অপ্রতিমরা আগে গন্ধমতি এলাকার আরেকটি বাসায় ভাড়া থাকতেন। সেখানে রাফিন নামের এক প্রতিবেশী বন্ধু ছিল। রাফিনের বয়স ১৫-১৬ বছর। রাফিনের বন্ধু তুহিন। তুহিনের বয়স ১৯ বছর। রাফিনের সঙ্গে ছোটবেলা থেকে বেড়ে ওঠে অপ্রতিম। সেই সুবাদে রাফিনের বন্ধু তুহিনের সঙ্গেও তার পরিচয় হয়। তবে তুহিনের মোটরসাইকেল থাকায় তারা প্রায়ই ঘুরতে যেতেন। সে কারণে তুহিনের সঙ্গে অপ্রতিমের সম্পর্ক অন্যদের তুলনায় বেশি গভীর ছিল।
তিনি বলেন, ‘অপ্রতিম নিখোঁজের পর আমরা যখন তাকে খুঁজে পাচ্ছিলাম না, তখন তুহিনকে কল দিই। সে আমাদের বাসায় দেখা করেনি। সে আমাদের সঙ্গে পাশের রামপুরা এলাকায় এসে দেখা করে। ওই সময় তার সঙ্গে সিয়াম নামের একজন ছিল, যাকে পরে পুলিশ আটক করেছে। তখন সে আমাদের জানায়, অপ্রতিমের সঙ্গে তার বের হওয়ার কথা থাকলেও সে বের হয়নি। কিন্তু সিসিটিভি ফুটেজে তাকে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়ায় আমরা নিশ্চিত হই, বিষয়টি লুকাচ্ছে তারা। এরই মধ্যে অপ্রতিমের লাশ উদ্ধার হয়। ততক্ষণে তুহিন পুলিশ হেফাজতে চলে যায়।’
অপ্রতিম হত্যাকাণ্ডে আইফোন, পাঁচ হাজার টাকা, তুহিনের সঙ্গে তার সম্পর্ক এবং ঘটনার সময় আরও কয়েকজনের উপস্থিতির বিষয় সামনে এসেছে। এসব তথ্যের পাশাপাশি ফরেনসিক ও প্রযুক্তিগত আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
এদিকে, অপ্রতিমকে ডেকে নিয়ে হত্যার পেছনে দুটি ঘটনা কাজ করেছে বলে মনে করছেন মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। তার সন্দেহ, কিছুদিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে এক কিশোরের চাকরি নেওয়ার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সময় কয়েকজন কিশোর অপরাধীকে পুলিশে দেওয়ার বিষয়টিও এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হতে পারে। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামির প্রকৃত বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অপ্রতিমের মা। এই সন্দেহের বিষয়গুলো এক সহকর্মীকে জানিয়েছেন তিনি।