চট্টগ্রাম নগরীতে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।
জানা গেছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলে কোনও ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার কাজটি আটকে রাখেন।
অভিযোগ অনুযায়ী, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন এবং পরে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
পরে কমিশনের অনুমোদনক্রমে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।