নোয়াখালীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের আমানুল্লাহপুর গ্রামে তাকে গুলি করে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ আনোয়ার হোসেন ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ফলোয়ান বাজারের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পার্শ্ববর্তী আইয়ুবপুর গ্রামে দাওয়াত খেয়ে ফেরার পথে আমানউল্লাহপুরের পাটোয়ারী বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত আনোয়ার হোসেন জানান, তার ওপর হামলাকারী অধিকাংশই আমানুল্লাহপুর এলাকার লোকজন। কেন তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’