এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রঙ ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ফেনীর ‘ডলফি আইসক্রিম’ কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেনী সদর উপজেলার ডলফি ও সনি আইসক্রিম কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে ডলফি আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও সংরক্ষণ, অননুমোদিত রাসায়নিক রঙ ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি পালনে কর্মীদের অসচেতনতার বিষয়ও পরিলক্ষিত হয়। এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অপরদিকে, সনি আইসক্রিম কারখানায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী বিভিন্ন অসংগতি পাওয়া গেলে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার অভিযানের তথ্য নিশ্চিত করে জানান, ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।