পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার করতে সিটি করপোরেশনের নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টা না পেরোতেই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে বদলি করা হয়েছে। এর মধ্যে ওসির ভূমিকা নিয়ে সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন প্রশ্ন তোলার কয়েক ঘণ্টা পর তাকে বদলি করা হয়।
বুধবার দুপুরে নগরীর ঈদগাঁও এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক এক কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় মেয়র অভিযোগ করেন, ওসি আবদুর রহিম আওয়ামী লীগ সরকারের আমলে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি (রহিম) আওয়ামী লীগ আমলে বাকলিয়ায় ওসি ছিলেন। তাহলে এখন তিনি কীভাবে খুলশীর ওসি হলেন? খুলশী থানার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগ বা যুবলীগের কাউকে গ্রেফতার করেননি।’
এর মধ্যে বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবিতে বদলির কথা জানানো হয়। একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়েছে। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগা অবস্থান করছেন এমন গোপন তথ্য পেয়ে সেখানে যায় খুলশী থানা পুলিশ। প্রথমে পুলিশ নগর ভবন ঘিরে ফেলে। পরে বগাকে গ্রেফতারে ভবনের ভেতরে প্রবেশ করে।
এ সময় চসিক মেয়র শাহাদাত হোসেন পুলিশকে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ফয়সাল আহমেদ উপস্থিত হন। পরে মেয়রের হস্তক্ষেপে পুলিশ অভিযান বন্ধ করে ফিরে যায়। চট্টগ্রামের রাজনীতিতে বগা চসিক মেয়র শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
আদেশ অনুযায়ী, আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর খুলশী থানার ওসি মো. আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস ১০ দিনের মাথায় তাকে এ পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
পুলিশের ভাষ্য, স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একটি হত্যা, চাঁদাবাজি, মাদক সংক্রান্ত অপরাধ, হামলা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বিস্ফোরক আইনে ১৭টি মামলা রয়েছে। সরকারি জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলির ঘটনার পর ৮ জুন বগাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার রাতের ঘটনা এবং বগাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ প্রসঙ্গে মেয়র শাহাদাত বলেন, ‘কোনও সাংবাদিক যদি প্রমাণ করতে পারেন যে ওয়াকিল আমার সঙ্গে চলে গেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আর তারা যদি সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।’
ওয়াকিল আওয়ামী লীগের অপশাসনের শিকার উল্লেখ করে মেয়র বলেন, ‘ওয়াকিল হোসেন বগা আওয়ামী লীগের কোনও অপরাধী নন। তিনি আন্দোলনে যুক্ত ছিলেন এবং ১৭ বছর সংগ্রাম করেছেন। বগা একজন জুলাইযোদ্ধা। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছিল। তার দুই ভাই ওসি রহিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন।’
গত ২৯ সেপ্টেম্বর ১৬ বছর বয়সী হৃদয়কে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত হৃদয় ও হামলার অভিযোগে অভিযুক্ত সবাই ওয়াকিলের অনুসারী। এই হত্যা মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
মেয়র শাহাদাত অভিযোগ করেন, ‘খুলশীতে হৃদয় হত্যা মামলায় ওসি (রহিম) মামলার আসামি কামরুলকে মারধর করে ওয়াকিলের নাম বলতে বাধ্য করেছেন। রহিম আওয়ামী লীগ আমলের একজন ওসি ছিলেন। সে কারণেই তিনি এখন খুলশীতে ইচ্ছাকৃতভাবে যুবদল ও ছাত্রদলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছেন।’
আসন্ন চসিক নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে দাবি করে মেয়র শাহাদাত বলেন, ‘আগামী নির্বাচনের আগে তারা পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ওসি তাদের সঙ্গে জড়িত।’ তার এ অভিযোগের কয়েক ঘণ্টা পরই আবদুর রহিমকে বদলি করা হয়।