কক্সবাজার দিয়ে নতুন করে ঢুকছে হেরোইন, ৪২ কোটি টাকার চালান জব্দ

এবার ইয়াবার সঙ্গে কক্সবাজার দিয়ে ঢুকছে পুরোনো মাদক হেরোইন। দীর্ঘদিন বন্ধের পর আবার নতুন করে এই সীমান্ত দিয়ে হেরোইন প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে হেরোইন, ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে উপকূলজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দের পর এসব তথ্য জানায় কোস্টগার্ড।

এ নিয়ে বেলা ২টার দিকে টেকনাফের কেরুনতলী কোস্টগার্ড স্টেশনে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন।

তিনি বলেন, ‘হেরোইন পুরনো মাদক। দীর্ঘদিন এই সীমান্ত দিয়ে প্রবেশ করেনি। তবে নতুন করে এটি প্রবেশের বিষয়টি আমাদের জন্য উদ্বেগের। সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।’

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হলে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মারুফ আহমেদ সৌখিন বলেন, ‘উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্টগার্ড নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে। জব্দ করা মাদকের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’