সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি

বান্দরবান সদর হাসপাতালের কর্মচারীদের দুই মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সেবক-সেবিকারা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে বেতন-ভাতার ফাইলে স্বাক্ষর না করা হলে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, সকালে কার্যালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কক্ষে কাজ করছিলেন। এ সময় সুভাষ দাশের নেতৃত্বে হাসপাতালের একদল কর্মচারী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন। কয়েকজন নারী কর্মচারী তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে তাদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তারা।

এদিকে, তালা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গেও সুভাষ দাশ অসৌজন্যমূলক আচরণ করেন বলে সাংবাদিকরা জানান।

আন্দোলনের নেতৃত্বে থাকা সুভাষ দাশ বলেন, গত দুই মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এ বিষয়ে সহকারী সিভিল সার্জনকে একাধিকবার জানানো হলেও কোনও সমাধান হয়নি। কয়েক দিন পর দুর্গাপূজা। বেতন ও বোনাস না পেলে পরিবার নিয়ে পূজার আনন্দ উপভোগ করা কঠিন হয়ে পড়বে। এমনিতেই অনেক কর্মচারী আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। আজকের মধ্যে বেতনের ফাইলে স্বাক্ষর না হলে মঙ্গলবার থেকে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেওয়া হবে।

ডেপুটি সিভিল সার্জন দিলীপ কুমার চৌধুরী বলেন, সিভিল সার্জনের যোগদান ও দাফতরিক জটিলতার কারণে কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।