একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম সকালে প্রাতঃভ্রমণে বের হন। তারা গ্রামের বাড়ি থেকে হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়ক থেকে ছিটকে পড়েন।

পরে অন্য পথচারীরা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাতনামা গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।