বুধবার বান্দরবানে ডাকা হরতাল প্রত্যাহার

 বুধবার বান্দরবান জেলাজুড়ে ডাকা হরতাল প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ বান্দরবান শাখার সভাপতি মো. শাহাবুদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

থানচি-আলীকদম সড়কে তিন বাঙালি ব্যবসায়ীকে গলাকেটে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে  আজ মঙ্গলবার সকালে এ হরতাল আহ্বান করা হয়েছিল।
এদিন সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এ সময় তারা বান্দরবানে সব রুটে সড়ক যোগাযোগ ও সব কিছু বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন। এ সময় নেতারা রাত ১২টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আল্টিমেটামও দেন।
তবে, বিকালে প্রশাসনের কর্মকর্তারা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে হরতালের ঘোষণা থেকে সরে আসে পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে, একই হত্যাকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের থানচি উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতালের কারণে মঙ্গলবার সকাল থেকে উপজেলাটির অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া বান্দরবান-থানচি এবং আলীকদম-থানচি সড়কে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ ছিল।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, থানচিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে প্রতিবাদকারীরা।

আরও পড়তে পারেন: শফিক রেহমান ষড়যন্ত্র করেছেন তার দলিল আছে: মনিরুল

উল্লেখ্য, শুক্রবার বিকালে বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে তিন গরু ব্যবসায়ী মো. সাহবুদ্দিন, মো. আবু বক্কর ও আবছার আলীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে সোমবার দুপুরে ওই এলাকার একটি পাহাড়ের ঝিরির পাশ থেকে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চার আদিবাসীকে গ্রেফতার করা হয়। হত্যার ঘটনার জের ধরে সোমবার আলীকদমের পান-বাজার এলাকায় বাঙালিরা ক্ষুব্ধ হয়ে তিন আদিবাসীর ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়তে পারেন: ‘ষড়যন্ত্রে শফিক রেহমান জড়িত বলে কোনও প্রমাণ নেই’ (অডিও)

 

/বিটি/টিএন/