কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত্যুর নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

রিসোর্টটির নাম টুপটুপ। অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অন্তত সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

তবে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত কোনও মরদেহ উদ্ধার করা হয়নি। কতজনের মৃত্যু হয়েছে, সে তথ্যও পুলিশের কাছে নেই। তবে আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের মুখে শুনেছেন তারা।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন পর্যটক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা রিসোর্টের ভেতরে আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশও রয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।