কক্সবাজারের মেরিন ড্রাইভে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ আগুনের ঘটনা ঘটে।
এর আগে ছয় জন নিহতের কথা জানায় ফায়ার সার্ভিস। নিহতরা সবাই পর্যটক, সেখানে তারা ঘুরতে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য জানান।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জন হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।
এ ঘটনায় আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতালটির জরুরি বিভাগ।
রিসোর্টটির ইনচার্জ সুমনের ভাষ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করা হয়েছিল। তবে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেন।
জানা গেছে, আগুন লাগার সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে সক্ষম হয়েছেন। তবে বাকিদের অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।