সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হাসিবুল ইসলাম।

ব্রিফিংয়ে সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার এবং ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ছাড়া ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

একই সময়ে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অভিযানে জব্দ করা হয়েছে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে একটি বেইজ ক্যাম্প। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম চলছে।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সবাইকে গুজব এড়িয়ে চলার এবং সন্দেহজনক তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।