কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম রফিক (৩৭)। তিনি ওই এলাকার মমতাজ আহমদের ছেলে এবং বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বাইরে বের হন। তখন আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত ৮টার দিকে রফিককে তার বাড়ি থেকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায় বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি শুনে বের হওয়ার পর কয়েকজন অস্ত্রধারী রফিককে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।