নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে বাবার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আইবুর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার জন্য টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি আরও জানান, আইবুরকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।