চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার বলেন, ‘ব্যাংকের দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে পেট্রোলভর্তি বোতলজাতীয় কিছু ভেতরে ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।’
ব্যাংকের অফিস সহকারী নিত্য হাওলাদার জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জানালা দিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখে তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় শনিবার দুপুরে থানায় অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক মাহমুদা আক্তার। বিকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খয়রুল কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘কারা আগুন দিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’