চট্টগ্রামের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একাংশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগীর ছদ্মবেশে ১০ থেকে ১১ জন নারী টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে ভিড় ও ঠেলাঠেলি সৃষ্টি করেন। এ সুযোগে চিকিৎসাসেবা নিতে আসা তিন নারীর গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন চুরি হয়ে যায়। চেইনগুলোর মোট ওজন প্রায় ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।
চুরির খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাত নারীকে গ্রেফতার করে।
গ্রেফতার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ নম্বর ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী আমেনা খাতুন (২৫), আমির হোসেনের স্ত্রী সালমা প্রকাশ তানিয়া বেগম (২৫), তোফাজ্জল হোসেনের স্ত্রী অজুফা বেগম (২৫), জুনাইদের স্ত্রী হালিমা (৩০), বাবু মিয়ার স্ত্রী শানজিলা প্রকাশ সাদিয়া (২৩), রাজুর স্ত্রী তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাছন ফাতেমাপুর গ্রামের ফজলুল হকের স্ত্রী আমিনা খাতুন (৩৬)।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারীরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার স্বর্ণালংকার চোর চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও ধর্মীয় অনুষ্ঠানে ভিড় ও হট্টগোল সৃষ্টি করে সাধারণ মানুষের টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।
ওসি আরও জানান, গ্রেফতার নারীদের তল্লাশি করে চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা নম্বর ২৫ দায়ের করা হয়েছে। গ্রেফতার নারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।