সাজেকে চলমান অবরোধ ও অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বাঘাইহাটে পৌঁছেছে উচ্চপর্যায়ের একটি মধ্যস্থতাকারী প্রতিনিধিদল।
সকালে রাঙামাটি থেকে যাত্রা শুরু করে খাগড়াছড়ি হয়ে বাঘাইহাটে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। দলের নেতৃত্বে রয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
প্রতিনিধিদলে আরও রয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসক, দুই জেলার পুলিশ সুপার, স্থানীয় কার্বারিরা এবং উচ্চপর্যায়ের কোর কমিটির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাজেকে চলমান সড়ক অবরোধ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে সংকট সমাধানের পথ খুঁজতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার বিকেলে প্রতিনিধিদলের উজোবাজার এলাকা পরিদর্শন এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।
অবরোধের কারণে সাজেকে পর্যটন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিনিধিদলের এ সফরকে সংকট নিরসন এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।