চট্টগ্রাম নগরের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
খুলশী থানার জিআরও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রধান আসামি ওয়াকিল হোসেন বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। মঙ্গলবার প্রোডাকশন ওয়ারেন্টের (পি/ডব্লিউ) মাধ্যমে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত দিনে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপর ১২ আসামি। শুনানি শেষে সবার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, রকি হোসেন ওরফে পিচ্চি, মনির হোসেন ইমন, শাকিল, আবুল হাসান ওরফে কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, নওশাদ, সোহেল ওরফে ব্লেড সোহেল, আবুল কাশেম ওরফে আবু কাশেম, রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।
খুলশী থানা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী মো. কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং সমিতির সভাপতি তারিক আহমদসহ অন্য আইনজীবীরা।
এর আগে গত ১৮ অক্টোবর চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা চাঁদাবাজির একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওই মামলায়ও তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।