খুলনা নগরীর নিরালা এলাকায় সালমান (২৩) নামে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সালমানকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। সালমান ক্যামেল সিগারেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরালার ১৭ নম্বর রোডে কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, সালমানকে গুলি করার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।