হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরের নাসিরাবাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার এবং জনমুখী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। জেলার ১৭টি থানায় এ-সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করা হয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নিবিড় অনুসন্ধানের মাধ্যমে পর্যায়ক্রমে ১০৭টি মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়।

এসপি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম জোরদারে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পুলিশের এ উদ্যোগে দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকেরা।