কুমিল্লা বোর্ডের ১৫ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও পরীক্ষার্থী পাস করতে পারেনি। শনিবার সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমাইয়ের সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ।

এ ছাড়া রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগোইর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ, ফেনী সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল।

তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদর উপজেলার বেকন মডেল কলেজ।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বোর্ড সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা করছে শিক্ষা বোর্ড। বিশেষ করে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম এবং অভিভাবক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, কেন এসব প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।