ইংরেজি-উচ্চতর গণিতে ফল বিপর্যয়ে কুমিল্লায় এইচএসসিতে ধস

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে চারটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। যেসব প্রতিষ্ঠানের ফল খারাপ হয়েছে, সেগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে বসে সেমিনার করা হয়েছে। ভবিষ্যতে ফলাফলের উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।