কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুকুরে মিললো মরদেহ

কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আদনান ওই কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত আদনানের বাড়ি ভারতের জম্মু-কাশ্মীরে।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।

ওসি জানান, গত ৩১ অক্টোবর আদনান তার মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন। ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ও তার মা মঙ্গলবার বুড়িচং থানায় একটি জিডি করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। এরই মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।