বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। তাদের একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষের পর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দুই পক্ষের লোকজন। এতে ওই পথে যান চলাচল ব্যাহত হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদল কর্মী ঘোষণা কবির। তবে কী কারণে দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের কাছাকাছি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছুরিকাঘাতে দুইজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।