বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ার বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবার নাম জহির আহমদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্থানীয় কয়েকজন কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে ঝিরির মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বান্দরবানের এসপি ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।