লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মানসুরা বেগম ও বাবুল হোসেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে জানান,দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে নাজিম উদ্দিন, রাশেদ, বাসুদেব, সিদ্দিকুর রহমান, পলাশ উদ্দিন ও খোরশেদের নাম জানা গেছে। এ ছাড়া মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে বৃদ্ধ আব্দুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগমকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করার পরও তিনি গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।