এক ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আরেক ছেলের মৃত্যুসংবাদ। দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন চট্টগ্রামের মোহাম্মদ কবির ও তার স্ত্রী আমেনা বেগম। ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যুর পর রবিবার দিবাগত রাতে মারা গেছে তাদের ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করও। দুই শিশুই হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
ছোট ছেলেকে হারানোর পর কান্নাজড়িত কণ্ঠে কবির বলেন, পারলাম না আমার ছেলেটাকে বাঁচাতে। পারলাম না আমি। আমি শেষ হয়ে গেলাম, ভাই।
কথাগুলো বলতে বলতেই আহাজারি করছিলেন মোহাম্মদ কবির। আর কথা এগোতে পারছিলেন না। কান্নায় আটকে যাচ্ছিল কণ্ঠ। কিছুক্ষণ নিশ্চুপ। তারপর আবার আহাজারি।
রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় তার বড় ভাই আরাফাত। হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
বড় ছেলের মৃত্যুর পর ছোট সন্তানকে ঘিরেই শেষ আশাটুকু ছিল কবিরের। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। শনিবার অবস্থার অবনতি হলে আবু বক্করকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রবিবার চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থা নিয়ে পরিবারকে উদ্বেগের কথা জানান। তবু ছেলেকে বাঁচানোর আশা ছাড়তে চাননি বাবা।
কবিরের বড় ছেলে আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে জ্বর, বমি ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। প্রথমে সাউদার্ন হাসপাতালে, পরে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিতে হয়। পরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাবার ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুস ও যকৃতে জটিলতা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। পরদিন শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা কবিরকে হাসপাতালে আসতে বলেন। তবে তিনি পৌঁছানোর আগেই মারা যায় আরাফাত। ওই দিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
বড় ছেলেকে দাফন করে হাসপাতালেই থেকে যান কবির। কারণ, ছোট ছেলে আবু বক্কর তখনও চিকিৎসাধীন। শনিবার তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি।
কবির চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। ৩১ বছর বয়সী এই বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। মাসে আয় প্রায় ২০ হাজার টাকা। এর মধ্যে ছয় হাজার টাকা বাসাভাড়া দিতে হয়। সীমিত আয়ের মধ্যেও দুই সন্তানকে ঘিরে ছিল তার নানা স্বপ্ন।
কাজ শেষে বাড়ি ফিরলে দুই ছেলে বাবার কাছে ছুটে আসতো। এখন সেই ঘরে ফিরতে ভয় লাগছে কবিরের। দুই সন্তানের স্মৃতি ঘিরে থাকা ঘরের কথা মনে করে তিনি বলেন, কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়তো। কত স্বপ্ন ছিলো, কত পরিকল্পনা ছিলো। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সে ঘরে ফিরব কী করে, থাকব কী করে।
দুই সন্তানকে বাঁচাতে নিজের সঞ্চয় শেষ করেছেন কবির। চিকিৎসার খরচ জোগাতে সহকর্মী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সহযোগিতা নিয়েছেন, করেছেন ঋণও। তবু দুই সন্তানকে হারানোর শোক নিয়ে ফিরতে হচ্ছে তাকে।
অন্যদিকে দুই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা আমেনা বেগমও। বড় ছেলে আরাফাতের মৃত্যুর পর থেকেই তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন কবির। ছেলেকে হারানোর শোকে বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন তিনি। ঠিকমতো খাওয়াদাওয়াও করছিলেন না। এ কারণে ছোট ছেলের চিকিৎসার সময় তাকে বাসায় রাখতে হয়েছিল।
দুই সন্তানের মৃত্যুতে কবির ও আমেনার সংসার এখন সন্তানশূন্য। যে ঘরে দুই ছেলের হাসি-খেলা আর ছোটাছুটিতে দিন কাটত, সেখানে পড়ে আছে শুধু তাদের স্মৃতি। এক সন্তানের কবরের পাশে আরেক সন্তানকে শায়িত করার প্রস্তুতির মধ্য দিয়ে শেষ হলো এই পরিবারের দুই ছেলেকে বাঁচানোর লড়াই।
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে