‘পদোন্নতি চাইতে এলে মনে রাখবো’, অনুপস্থিত কর্মকর্তাদের হুঁশিয়ারি কুবি ছাত্রদল নেতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি বা অন্য কোনও সুযোগ-সুবিধার জন্য প্রশাসনের কাছে গেলে তাদের মনে রাখা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি বলেন, যারা জাতীয় দিবসকে অবহেলা করেন, তাদের আমরা মনে রাখব। উপাচার্য স্যারের কাছে পদোন্নতি কিংবা অন্য কোনও সুযোগ-সুবিধার জন্য গেলেও তাদের মনে রাখব।

রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান শুভ বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই বিশ্ববিদ্যালয়ের অংশীদার। জাতীয় দিবসের মতো একটি অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হননি। যাঁরা দিবসটিকে গুরুত্ব দেননি, তাদের মনে রাখা হবে। তিনি বলেন, বারবার বলছি, আমরা তাদের মনে রাখবো। আপনারা কোন আমলে নিয়োগ পেয়েছেন, এত বছর ধরে সব দিবস উদ্‌যাপন করতে পেরেছেন, অথচ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসতে পারেননি।

তিনি আরও বলেন, আজকে যারা বিরোধী দলের রাজনীতি করছেন, তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু দুঃখের বিষয়, আপনারা এই ব্যক্তিকে স্মরণ করেন না। খুবই আশ্চর্য লাগলো। এই ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ৪০০ জনের বেশি রয়েছেন। অথচ অনুষ্ঠানে উপস্থিতি ছিল সম্ভবত ১০০ জনের মতো।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে ছাত্রদলের এই নেতা বলেন, এই দিবসটিকে যারা অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করুন। যারা আজ আপনাদের অনুষ্ঠানের ডাকে সাড়া দেননি, তারাই দেখবেন আগামীকাল আপনাদের দ্বারে কিংবা উপাচার্য স্যারের কাছে পদোন্নতি, আপগ্রেডেশন বা অন্য কোনও সুযোগ-সুবিধার জন্য অনুরোধ নিয়ে যাবেন। আমরা সুন্দর একটি সহাবস্থানের ক্যাম্পাস প্রত্যাশা করেছিলাম। কিন্তু তারা শুধু সুবিধা নেওয়ার জন্য সহাবস্থানের কথা বলেন।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, গত ১৭ বছর বাংলাদেশে দিবসটি উদ্‌যাপন করতে দেখা যায়নি। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসা এবং বিভিন্ন রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

এদিকে, মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, আমার মন্তব্যটা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তুলনামূলক যে পরিমাণ উপস্থিত থাকার কথা ছিল, তারা সেভাবে উপস্থিত হননি। শিক্ষকদের বাদ দিলাম, যেহেতু তাদের ক্লাস-পরীক্ষা থাকে। কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানো কিংবা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। ১৯টি বিভাগে চিঠি গেছে, কিন্তু ১৯টি বিভাগ থেকে তারা আসেননি। একজন করে এলেও ১৯ জন হতো। আমাদের কথা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। তাহলেই তো এই প্রশাসন ভালো চলবে। এখন যারা বিভিন্ন সুপারিশ বা নিজেদের জন্য প্রশাসনকেন্দ্রিক যাওয়া-আসা করেন, বিভিন্ন সুবিধার জন্য প্রশাসনের কাছে যান, প্রশাসন তাদের দাবি-দাওয়া মেনে নেয়। কিন্তু প্রশাসনের ডাকে যে আয়োজন, যে আলোচনা সভা করা হলো, সেখানে তাদের উপস্থিত থাকা উচিত ছিল না?

পদোন্নতির ক্ষেত্রে অনুপস্থিতদের মনে রাখার মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারা এলেন, কারা গেলেন বা কারা এ নিয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন স্বাভাবিকভাবে আমাদের শত্রু ও বন্ধু চেনার উপায় হলো এটি। মনে রাখবো, বিষয়টি সিম্পল। যারা এটিকে হুমকি হিসেবে দেখছেন, এটা তেমন কিছু না। বিষয়টি নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি, তা যদি পুরোপুরি তুলে ধরা হয়, তাহলে কোথাও আমি কারও বিরুদ্ধে কোনও নেতিবাচক শব্দ ব্যবহার করিনি।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের পরিচালক, ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।