ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন অভিযোগ করেছেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। উপাচার্যের সাক্ষাৎ না পাওয়া এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মুজাহিদ ফয়সাল। এর আগে দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবিরের নেতারা রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন।
মুজাহিদ ফয়সাল বলেন, গত এক সপ্তাহ ধরে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হলেও বিভিন্ন ব্যস্ততা ও ক্যাম্পাসের বাইরে থাকার কথা জানিয়ে তাঁরা সময় দেননি। রবিবারও উপাচার্য ঢাকায় থাকবেন বলে জানানো হয়েছিল। তবে পরে তারা জানতে পারেন, উপাচার্য সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান করছেন।
তিনি বলেন, গত ২৫ আগস্ট রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিল ছাত্রশিবির। এরপর কয়েক দফায় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট হয়নি।
শিবির সভাপতি বলেন, উপাচার্যের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতায় তাদের মনে হয়েছে, প্রশাসন রাকসু নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। এ বিষয়ে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনার আগ্রহও প্রশাসনের মধ্যে দেখা যাচ্ছে না। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হতাশাজনক।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করা এবং তাদের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আদায় করা গণতান্ত্রিক অধিকার। প্রশাসন এ অধিকারে হস্তক্ষেপ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।
ভর্তি পরীক্ষা ও রাকসু নির্বাচনের প্রস্তুতি আলাদা কার্যক্রম উল্লেখ করে মুজাহিদ ফয়সাল বলেন, ভর্তি পরীক্ষা পরিচালনা করে সংশ্লিষ্ট কমিটি এবং রাকসু নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। ফলে একই সময়ে দুটি কার্যক্রম পরিচালনায় সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির কোনো কারণ নেই।
তিনি অভিযোগ করেন, আমরা মনে করি, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব। তারা মূলত ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
উপাচার্যের সাক্ষাতের সময় না দেওয়া ও প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির মানববন্ধন করবে।