খাগড়াছড়িতে এবার সড়কের পাশে পার্ক করে রাখা একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে গাড়িটি পুড়ে যায়। গাড়ির মালিক শাহিন জানান, সোমবার রাতে তিনি ওই এলাকায় গাড়িটি পার্ক করে রাখেন। গভীর রাতে গাড়িতে আগুন দেওয়ার খবর পান। পরে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পুড়ে যেতে দেখেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন বাসটির চালক।