স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে লক্ষ্মী রাণী নাথ নামে এক শিক্ষিকাকে মারধর করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার কাছে থাকা মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় তারা।

বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোড থেকে ওই শিক্ষক একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাকে মারধর করে ছিনতাইয়ের পর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অদূরে সড়কের পাশে ফেলে রেখে যায়।

ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পুলিশ ও ভুক্তভোগী শিক্ষকের সহকর্মীরা জানান, পাঠদান কার্যক্রম শেষে লক্ষ্মী রাণী বাড়ির উদ্দেশে বিদ্যালয় থেকে বের হন এবং আফজাল রোড থেকে তিনি একটি সিএনজিতে ওঠেন। চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারি পর্যন্ত তার গন্তব্য ছিল। কিন্তু সিএনজিচালক তাকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কের দিকে নিয়ে যান। একপর্যায়ে তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইলফোন এবং নগদ টাকা নিয়ে যায়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় সড়কে পাশে তাকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগী লক্ষ্মী রাণী নাথের সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মীকে বেদম মারধর করেছে। তার দুটো চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে আছে। মুখে রক্তাক্ত জখম হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় সিএনজিচালক ও ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।