বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ির উঠানে গর্ত করে দুধের কৌটায় পুঁতে রাখা ১১টি ‘শক্তিশালী’ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। এর মধ্যে ছয়টি বড় ও পাঁচটি ছোট বোমা ছিল। সেগুলো দুটি দুধের কৌটায় রাখা ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ বলছে, রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত ও ককটেল বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে পুলিশ সাইফুল ইসলাম সুজন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও তার ভাড়া বাসার আশপাশে অভিযান চালিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় ১১টি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়ির উঠানের একটি গর্ত থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটার ভেতরে বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এরপর সেগুলো পুলিশ পাহারায় রাখা হয়। বুধবার আদালতের নির্দেশনা অনুযায়ী ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। বুধবার রাতে দলটির চার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেন।

কে এই সুজন?

সাইফুল ইসলাম সুজন (৩০) ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে টুপি বিক্রি করতেন বলে জানা গেছে। তিনি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ওই বাড়িতে ভাড়া থাকতেন।

গত ৩ নভেম্বর রায়পুরের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এই ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্যে পাশের একটি পরিত্যক্ত বাড়ির উঠান ও মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত

পুলিশ জানায়, ৩ নভেম্বর রাতে উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সুজন নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সুজন নামে ওই যুবক প্রায় দুই মাস ধরে বোমা উদ্ধারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার তার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে করা মামলায় আরও সাতজনের নাম রয়েছে। তাদের মধ্যে চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীও রয়েছেন। গত সোমবার ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর পরদিন ওই বাড়ির উঠানে দুধের কৌটা দুটি পাওয়া যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ‘সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে পরে মামলায় গ্রেফতার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বাড়ির উঠান থেকে দুধের কৌটায় রাখা ১১টি বোমা উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল জানিয়েছে, এগুলো শক্তিশালী আইইডি বোমা। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।’