ঘর থেকে বাবা ও যমজ দুই মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশু জারিন ও জাসিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকাল ৩টার মধ্যে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

নিহত জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি চাম্বল গ্রামে হলেও গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

স্ত্রী আফিয়া বেগম জানান, তিনি ও তার মা ভিলেজার পাড়া মসজিদে মান্নত দিতে যান। জাহেদ নিজেই শিশুদের দেখাশোনা করবেন বলায় তিনি দুধ তৈরি করে বের হন। বিকালে ফোন করে সাড়া না পেয়ে বাড়ি ফিরে প্রধান ফটক ও ঘরের দরজা বন্ধ পান।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘরটিতে ভেতর থেকে হুক লাগানো কক্ষের বেড়া কেটে ফায়ার সার্ভিস কর্মীরা ঝুলন্ত জাহেদ এবং খাটের পাশে মেঝে থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন জনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওয়ার কথা লেখা রয়েছে; চিঠিটি তার কি না তা যাচাই করা হচ্ছে। থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।