চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক শীর্ষ নেতার কাছে মুঠোফোনে চাঁদা দাবি এবং টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র ১৫ মিনিটের মধ্যে একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর আল্টিমেটাম দিয়ে হুমকিদাতা জানিয়েছেন, চাঁদা না দিলে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে গুলি করা হবে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নেতা।
হুমকির শিকার মাওলানা ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। পাশাপাশি তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান আসন থেকে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মাওলানা ইলিয়াস নুরীর মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে বলা হয়, অন্যথায় তাকে গুলি করে হত্যা করা হবে।
প্রথম কলটির প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে পুনরায় ফোন করে চাঁদা পাঠানো হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। দ্রুত টাকা পাঠানোর তাগিদ দিয়ে হুমকিদাতা বলেন, তাকে প্রাণে বাঁচানোর জন্যই দ্বিতীয়বার ফোন করা হয়েছে; টাকা না দিলে তাকে অবশ্যই হত্যা করা হবে। এ সময় পূর্বের কয়েকটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তাকেও একইভাবে মেরে ফেলার ভয় দেখানো হয়।
ঘটনার বিষয়ে মাওলানা ইলিয়াস নুরী জানান, প্রথম কলটি আসার সময় তিনি মসজিদে অবস্থান করছিলেন। ফোনে চাঁদা চাওয়া হলেও নির্দিষ্ট কোনও অঙ্কের কথা বলা হয়নি, এমনকি ফোনদাতা নিজের প্রকৃত পরিচয়ও দেননি। কেবল স্থানীয় এক সন্ত্রাসীর নাম ব্যবহার করে বিকাশে টাকা পাঠাতে চাপ দেন।
তিনি আরও বলেন, “হুমকিদাতা আমাকে বলেছে, ‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করবো।’ এমনকি কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি এবং আশা করছি তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।”
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।