সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে রিসোর্টে শিক্ষা সফরের নাম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা করার ঘটনায় করা মামলায় আরও তিন জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিন জন হলেন- ৮নং তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফয়জুল করিম (৪০), ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিক সরকার (২৯) ও ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন (৫০)।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতারগুলে রিসোর্টে সভা করায় গত বুধবার থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।