ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে রাতের আকাশে ড্রোনের আনাগোনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে গ্রামের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা যায়। আর রাত পেরিয়ে সকাল হলেই কোনও না কোনও বাড়িতে চুরি-ডাকাতির খবর পাওয়া যায়। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামটির বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে বাঙ্গরা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, যেসব রাতে আকাশে ড্রোন উড়তে দেখা যায়, সেসব রাতেই আশপাশের কোনও না কোনও বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ কারণে ড্রোনের সঙ্গে এসব অপরাধের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে গ্রামবাসীর মধ্যে।
রাতের আকাশে ড্রোনের উপস্থিতি এবং একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। কারা, কী উদ্দেশ্যে রাতের বেলায় ড্রোন ওড়াচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের হস্তক্ষেপ, রাতে পুলিশের টহল বাড়ানো এবং ড্রোন ওড়ানোর বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ইদানীং গ্রামবাসীর মধ্যে ড্রোন আতঙ্ক দেখা দিয়েছে। কারণ ড্রোন উড়লেই আশপাশে কারও না কারও বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে।
শাওন আহমেদ নামে এক যুবক বলেন, রাত যত গভীর হয়, আকাশে ড্রোনের সংখ্যাও তত বাড়তে দেখা যায়। পরদিন সকালে কারও না কারও বাড়িতে চুরি-ডাকাতির খবর পাওয়া যায়। এ কারণে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না গ্রামবাসী।
মাহাবুব রহমান আলম বলেন, দুই দিন আগে রাতে অপরিচিত কয়েকজনকে এক জায়গায় জড়ো হতে দেখা যায়। গ্রামবাসী তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। গতকাল রাতেও তার ছেলে দুজনকে অন্ধকারে ড্রোন ওড়াতে দেখেছে। বিষয়টি স্থানীয়দের জানাতে যাওয়ার সুযোগে ওই ব্যক্তিরা পালিয়ে যান।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ওই গ্রামে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে, এমন কোনও তথ্য তার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলেও কেউ থানায় অভিযোগ করেননি। স্থানীয়রা সন্দেহের বশে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন এবং আতঙ্কে রয়েছেন। গ্রামটি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায়। কোনও সমস্যা হলে যোগাযোগের জন্য তিনি স্থানীয়দের একটি ফোন নম্বর দিয়ে এসেছেন।