গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর আটকা পড়েন চোর। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় নিচে অবস্থান করা আরেকজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সুমন প্রধান জানান, রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারসংলগ্ন একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় এক বাসিন্দার নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে খুঁটির নিচে অবস্থান করা আরেক ব্যক্তিকে আটক করেন।
এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে খুঁটির ওপর থাকা ব্যক্তি ভয়ে আর নিচে নামতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।