চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে। গুলিতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পর মুঠোফোনে কল করে ওই ব্যক্তিকে আবারও গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক জাফর আহমদ।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। জাফর আহমদের অভিযোগ, ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন।
জাফর আহমদ জানান, ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।
জাফর আহমদের ভাষ্য, প্রায় ১০ মাস আগে রায়হান তাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সে সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘদিন কোনও যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।
জাফর আহমদ বলেন, বাড়িতে গুলি করার পর রায়হান তাকে ফোন করেন। এ সময় তাকে বলা হয়, টাকা দিসনি তাই, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করবো। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ উঠেছে।
পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রায়হান। তবে সম্প্রতি তার নাম ব্যবহার করে কিছু অপরাধী চাঁদা দাবি করছে বলে রায়হানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে ভালো ধারণা থাকায় নিজের অবস্থান গোপন রাখতে পারছেন রায়হান। এ কারণে তাকে গ্রেফতার করা কঠিন হচ্ছে।