সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন

আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ভারত সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আনোয়ারপুর এলাকায় বিজিবির নিরাপত্তামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি সীমান্তে বিজিবির বিশেষ টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, কুমিল্লা সেক্টরের অধীন প্রতিটি সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে রাতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। এ সীমান্ত দিয়ে অপরাধী, পলাতক আসামি কিংবা অন্য কেউ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জব্বার আহমেদ জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় রাতে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে উচ্চক্ষমতাসম্পন্ন নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের তৎপরতা আগেভাগে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে বিজিবির কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পলাতক আসামিরা যাতে কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিজিবির জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় জনবল আরও বাড়ানো হবে। এ ছাড়া নজরদারি জোরদারে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ সময় ২৫ বিজিবি ব্যাটালিয়নের টিআইসি মেজর আরিফসহ ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।