খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না

সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের রাউজানে এবার বাড়ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রবাসী থেকে মাদ্রাসার অধ্যক্ষ, বাড়ির মালিক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী—কেউই রেহাই পাচ্ছেন না চাঁদাবাজদের হাত থেকে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি, কোথাও কোথাও ঘটছে হামলার ঘটনাও। ভয়াবহ অবস্থা চলছে।

সম্প্রতি ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ সরোয়ার ও এন এ বাবুলসহ কয়েকজনের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর গত দুই বছরে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মারামারি, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি—এসব ঘটনা যেন এ উপজেলার নিয়মিত চিত্র।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে এক মাদ্রাসা অধ্যক্ষকে। অন্যদিকে, উপজেলায় বাড়ি নির্মাণ, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা, এমনকি বসবাসের জন্যও নিয়মিত চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলি ছোড়ার পর ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করবো। কাফনের কাপড় কিনে রাখিস।’ গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সম্প্রতি আবারও ফোন করে একই অঙ্কের টাকা দাবি করা হয়। না দেওয়ায় গুলি করে হুমকি দিয়ে গেছে।

এদিকে রাউজানে হত্যা, দখল-বেদখল ও আধিপত্য বিস্তারের পাশাপাশি বেপরোয়া চাঁদাবাজির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ফজল হকের নাম ব্যবহার করে একটি চক্র উপজেলার পাহাড়তলী, নোয়াপাড়া, বাগোয়ান, কদলপুর, উরকিরচরসহ বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করছে। বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাজারের ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান—সবখানেই নির্ধারিত অঙ্কের টাকা দিতে হচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিংবা নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি।

এর আগে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন মাওলানা ইলিয়াস নূরী নামে এক রাজনৈতিক নেতা। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি এবং রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে তাকে ফোন করে ‘পোলাপান চালানোর খরচের’ কথা বলে চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ওই দিন রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। হুমকি দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

মাওলানা ইলিয়াস নূরী গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি ২৬ হাজার ৬৯৬ ভোট পান। ওই আসনে বিএনপির প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

হুমকি পাওয়া মাওলানা ইলিয়াস নূরী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে নামাজরত অবস্থায় আমার ফোনে একটি কল আসে। নামাজ শেষ করে একই নম্বর থেকে আবার ফোন এলে রিসিভ করি। অপর প্রান্ত থেকে বলা হয়, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাবো গুলি করে মেরে ফেলবো। আমি বলেছি, আমি কোনও পয়সাওয়ালা ব্যক্তি নই, মাদ্রাসায় চাকরি করি। তখন সে বলে, আমার টাকা-পয়সা আছে কি না, তা সে জানে। তাদের টাকা দিতেই হবে।’

তিনি বলেন, ‘ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি রাউজানের একজন শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন। প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবার ফোন করে জানতে চাওয়া হয়, চাঁদা পাঠিয়েছি কি না। দ্রুত টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি বলেন, তাকে বাঁচানোর জন্য আবার ফোন করেছেন। রাউজানে তারা অনেক মানুষকে হত্যা করেছেন, তাকেও গুলি করে মেরে ফেলবেন।’

ইলিয়াস নূরী আরও বলেন, ‘একপর্যায়ে আমি তাকে বলেছি, আমাকে মেরে ফেললে মেরে ফেলুন। আমার কাছে টাকা-পয়সা নেই। আমি চাঁদা দিতে পারব না। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিই।’

এর আগে গত ৮ নভেম্বর একই উপজেলার উরকিরচর ইউনিয়নের প্রবাসী মো. ইলিয়াসকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। কাতারপ্রবাসী ইলিয়াস পাঁচ মাস আগে দেশে বেড়াতে আসেন। এর মধ্যে গত এক মাস ধরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন একই ইউনিয়নের বাসিন্দা ও যুবদল নেতা মোহাম্মদ সরোয়ার এবং এন এ বাবুল। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

প্রবাসী ইলিয়াস এ ঘটনায় রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে জিডি করার পরও পুলিশ তার নিরাপত্তায় কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযোগটি তদন্তও করেনি বলে অভিযোগ রয়েছে। পরে জিডির বিষয়ে সমঝোতার কথা বলে গত ৮ নভেম্বর তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ যুবদল নেতা এন এ বাবুলকে গ্রেফতার করেছে।

প্রবাসী ইলিয়াসের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘আমার স্বামী ৪৫ বছর ধরে প্রবাসে কর্মরত। কাতার থেকে পাঁচ মাস আগে ছুটিতে দেশে এসেছেন। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রথমবার সরোয়ার ও বাবুল আমাদের বাড়িতে এসে স্বামীকে বলেন, দীর্ঘদিন প্রবাসে ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, এবার তাদের একটু দেখতে হবে। দেশে থাকতে হলে ২০ লাখ টাকা দিতে হবে। আমার স্বামী টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর আরও কয়েকবার টাকা চেয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়ে আমার স্বামী থানায় জিডি করেছিলেন। কিন্তু সর্বশেষ ৮ নভেম্বর সমঝোতার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা করা হয়। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন।’

শুধু প্রবাসী কিংবা রাজনৈতিক ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তিরাই নন, রাউজানের সাধারণ বাসিন্দা ও ব্যবসায়ীরাও চাঁদাবাজির শিকার হচ্ছেন। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তরপাড়া আবাসিক এলাকার এক বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ বিল যেভাবে প্রতি মাসে পরিশোধ করতে হয়, একইভাবে সন্ত্রাসীদের চাঁদার বিলও প্রতি মাসের ১০ তারিখের মধ্যে দিতে হচ্ছে। টাকা দিতে দেরি হলে কিংবা দিতে অপারগতা প্রকাশ করলে গুলি করে হুমকি-ধমকিসহ নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়।’

পাহাড়তলী এলাকার আরেক বাসিন্দা নুরুল আমিন জানান, দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে তিনি একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। বাড়ির প্রথম তলার কাজও শেষ করেছেন। কিন্তু এরই মধ্যে তাকে সাত লাখ টাকা চাঁদা দিতে হয়েছে। এরপরও আরও টাকা দাবি করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিরুপায় হয়ে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদা দাবিসহ যেকোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ২২টি হত্যাকাণ্ড ঘটেছে রাজনৈতিক অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে রাউজানে খুনের ঘটনা শুরু হয়। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাতে খুন হন যুবদলকর্মী মোহাম্মদ কর্মী। বর্তমানে এ উপজেলায় একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে।