দখল-চাঁদাবাজি বন্ধ করুন, নইলে জেলে দেবো: নিজ দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি হুইপের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১

নিজ দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এসব কর্মকাণ্ড থেকে বিরত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘এখন কি তাদের জেলে দেবো?’

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, দলের কিছু নেতাকর্মী চর দখল, মহিষের ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। মুখে এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেও বাস্তবে কেউ কেউ তা করছেন। নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এসব অবৈধ কাজ করবেন কি না।

তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন স্থাপনা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা থেকে নেতাকর্মীদের সরে আসতে হবে।

নিজের স্বচ্ছতার প্রসঙ্গ তুলে ধরে হুইপ বলেন, আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজান ঘুষ খায় এমন কথা কি জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলতে পেরেছে? আমার বিরুদ্ধে যদি এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতাকর্মীরা কেন এসব অনিয়ম করবে?

গত ৫ আগস্টের পর থেকে দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের একটি অংশকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেবো?

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে ধরেন নিজান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্তি পেয়েছেন। এ সময় খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও সম্মানের কথাও উল্লেখ করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে তো আর হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থীর নিজের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকা প্রয়োজন। পাশাপাশি অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে।

/আরএইচ/
সম্পর্কিত
খুলনায় হত্যা-চাঁদাবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি
একের পর এক হত্যা-চাঁদাবাজি: এমপি-হুইপ-প্রশাসকও নিরুপায়
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
সর্বশেষ খবর
উত্তেজনা কাটিয়ে সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
উত্তেজনা কাটিয়ে সাভার-আশুলিয়ার কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত যুবকের মৃত্যু
ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি, জানালেন ‘যুক্তরাজ্যই এখন আমার ঘর’
ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি, জানালেন ‘যুক্তরাজ্যই এখন আমার ঘর’
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ