সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৭ জনের সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের মামলায় ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। ওনার স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল আবেদন করবো।

রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পান। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন।