বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক

বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক হাজার পর্যটক। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় তাদের অনেকের খাবারের জন্য বরাদ্দ অর্থ প্রায় শেষ হয়ে এসেছে। এতে দেখা দিয়েছে আর্থিক সংকট। এর মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীদের একটি দলের এক সদস্য দুর্ঘটনায় আহত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

আটকে পড়া ৯৬ জনের মধ্যে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন। তাদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। এতে তার হাঁটুর প্যাটেলা (হাঁটুর হাড়) স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাবিপ্রবির ৩১ জনের দলে রয়েছেন দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফিরে আসার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েন।

বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ সাংবাদিকদের বলেন, বুধবার রাতে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার খবর দেওয়া হয়। এতে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘ সময় দ্বীপে অবস্থান করায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন আহত হয়েছেন। এ ছাড়া আর্থিক সংকটও দেখা দিয়েছে। দ্রুত তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।

কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।