কয়েকটি ককটেল ফুটিয়ে, দুই-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না: রিজভী

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ২২:৫১ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:০০

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার একমাত্র জনগণের। কোনও আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না।’

আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী রাকসুর সাবেক ভিপি।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, ‘জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাই এ দিবসের মূল চেতনা। অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগায় এই চেতনা। দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের হাতে রাখাই এর অন্যতম অঙ্গীকার।’ 

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটির শাসনামলে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দেখা গেছে। গত ১৭ বছরের শাসন ছিল পুরোনো স্বৈরশাসনের নতুন সংস্করণ। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।’

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বললেও বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা বলেছিলেন “আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনও দিন ভুলবে না”। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের স্বার্থ রক্ষা ও পররাষ্ট্রনীতি নির্ধারণে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ সারা দেশের তরুণ, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠন ব্যবহার করা হয়েছিল।’

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে। নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। এখন এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভিন্নমত প্রকাশ করতে পারবে এবং সরকারের সমালোচনা করার কারণে গুম বা নির্যাতনের শিকার হবে না।’

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তোহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রামেক শিক্ষক সমিতি ও জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিমন আলী। এতে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুল ও মহানগর ছাত্রদলের সভাপতি রাকিন রাইহান রবীন।

 

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের
সর্বশেষ খবর
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক